নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাস (৪২) খুনের ঘটনার প্রধান আসামি কালাচানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে পালিয়ে যাবার সময় সীমান্ত এলাকা থেকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান প্রামানিক তাকে আটক করেন।
এর আগে ধান ক্ষেতে পালিয়ে থাকা অপর আসামি জেড এ ফুয়াদ খান ও ইমদাদুল হক সাগরকে নেত্রকোনার সাতপাই থেকে গ্রেফতার করা হয়।
এদিকে প্রধান শিক্ষক খুনের প্রতিবাদে এবং সব আসামিকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বারহাট্টায় মানবন্ধন করা হয়। সেই সঙ্গে ওই এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, বুধবার সকালে প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বারহাট্টা থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়েছে।
