এইচআইভি ছড়ানোর দায়ে কম্বোডিয়ায় ডাক্তারের ২৫ বছরের জেল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৭:৩১

দুই শতাধিক রোগীর দেহে এইচআইভি ভাইরাসের সংক্রমণ ঘটানোর দায়ে কম্বোডিয়ার একটি আদালত বৃহস্পিতবার এক অনিবন্ধিত ডাক্তারকে ২৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। ওই রোগীদের বেশ কয়েকজন এইডসে আক্রান্ত হয়ে প্রাণও হারিয়েছেন।


ইয়েম চ্রিন নামের ওই ডাক্তারকে (৫৭) ২০১৪ সালের ডিসেম্বরে গ্রেফতার করা হয়। তার কাছে আসা রোগীদের দেহে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ার পর তাকে গ্রেফতার করা হয়। অপরিশোধিত সিরিঞ্জ একাধিক রোগীর দেহে ব্যবাহারের মাধ্যমে ২০০ মানুষের দেহে তিনি এইচআইভি ভাইরাসের এই সংক্রমণ ঘটান। তার বিরুদ্ধে অন্তত ১০০ রোগী এরকম অভিযোগ দায়ের করেন।


এর ফলে বাটামবাং প্রদেশের গ্রামীণ রোকা সম্প্রদায়ের মাঝে এইডসের মহামারি দেখা দিয়েছিল। রোকা সম্প্রদায়ের প্রায় ২৯০ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হন।


বর্তমানে দেশটিতে সর্বমোট ৭০ হাজার মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত। সূত্র: আইএএনএস