পূর্ব সুন্দরবনের মরাভোলা চরে আবারো জাহাজ দুর্ঘটনা হয়েছে। এমভি শোভন নামের একটি কার্গো জাহাজ ৭৪৫ মেট্রিকটন ফ্লাই অ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে শরণখোলা রেঞ্জের মরাভোলা চরে আটকা পড়ে।
গত মঙ্গলবার রাতে ঘন কুয়াশায় দিক হারিয়ে ঢাকার মেসার্স আলমগীর নেভিগেশন কোম্পানির ওই জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। এই একই চরে এ বছরের জুন মাসে দুই হাজার মেট্রিকটন সার নিয়ে এমভি জাবালে নূর নামের জাহাজটি দুর্ঘটনার শিকার হয়েছিল।
বনবিভাগ ও এলাকাবাসীর আশঙ্কা, আটকে পড়া জাহাজটি দ্রুত উদ্ধার করা না হলে যে কোনো সময় সেটি ডুবে গিয়ে সুন্দরবন আবার বড় ধরণের বিপর্যের সম্মুখিন হবে।
শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) একেএম ইউসুফ আলম জানান, আটকে পড়া জাহাজের মালিকের নাম মো. শোভন আহমেদ। জাহাজের মাস্টারসহ ১০ নাবিক ওই জাহাজেই অবস্থান করছেন।
মেসার্স আলমগীর নেভিগেশন কোম্পানির সুপারভাইজার মো. জয়নাল আবেদীন জানান, ঢাকার মুক্তাপুর আমিরাত সিমেন্ট কোম্পানি ভারত থেকে ৭৪৫ মেট্রিকটন ফ্লাইঅ্যাশ আমদানি করে। জাহাজটি সুন্দরবন অভ্যন্তরে দুর্ঘটনার শিকার হয়। প্রথমে আটকে পড়া জাহাজটি মাস্টার-নাবিকরা নামানো চেষ্টা করে ব্যর্থ হয়। দু-একদিনের মধ্যেই অন্য জাহাজে মাল শিপ্টিং করে জাহাজটি উদ্ধার করা হবে।
