মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'বর্তমানে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর । তা কোনো ভাবেই কমানো হবে না বরং আরো বৃদ্ধি করা হবে।’
বৃহস্পতিবার বিকালে খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে নারী উন্নয়ন ফোরামের কার্যনির্বাহী সদস্যদের ‘খুলনা বিভাগীয় আঞ্চলিক সম্মেলন-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিয়ের বয়স না কমানোর ব্যাপারে জোরালো ভূমিকা পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘যে কোন অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে। এ জন্য নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’
এতে জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দীপংকর বিশ্বাস, বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর গুলসান আরা বেগম, ইউনিসেফের জেলা আঞ্চলিক প্রধান কফিল উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। ফোকাসবাংলা।
