ইসি চাইলেই পৌর নির্বাচনে বিজিবি মোতায়েন : মহাপরিচালক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ২২:৩৫

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক  মেজর  জেনারেল আজিজ আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) চাইলে আসন্ন  পৌরসভা নির্বাচনে  বিজিবি মোতায়েন করা হবে।

 

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে বিজিবির নবগঠিত ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

আজিজ আহমেদ বলেন, এর আগেও কমিশনের আহ্বানে বিভিন্ন নির্বাচনে বিজিবি মোতায়েন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত পৌরসভা নির্বাচনে বিজিবির সহায়তা চাইনি কমিশন।

 

এর আগে, চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে বিজিবির নবগঠিত ৫৯ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন বিজিবির মহাপরিচালক। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত পাহারার পাশাপাশি  বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে বিজিবি। যতদিন প্রশাসন চাইবে ততদিন এই সহায়তা দেয়া হবে।

 

চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে ওই অনুষ্ঠানে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মো. মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কে এম ফেরদাউসুল শাহাব, জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর, ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আহমেদ জুনাইদ আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।