নওগাঁ চার্চ অব বাংলাদেশ মিশনের একটি কক্ষে বৃহস্পতিবার রাত ৮টার দিকে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরে থাকা কাঠসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে বা নাশকতা কিনা সে বিষয়ে কিছুই বলতে পারছেনা কেউ। এ ঘটনায় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ওই চার্চের আবাসিকে বসবাসকারী মিস্টার আলবার্ট ফলিয়া জানান, তার স্ত্রী মান্না ফলিয়া পাশ্ববর্তী সেন্ট মার্কস কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক। প্রতিদিনের মত মান্না ফলিয়া শিক্ষকতা শেষ করে রাতে সাড়ে ৮ টার দিকে মিশনে ফিরছিলেন। মিশনে ঢুকতেই তার নিজস্ব রান্নাঘরের পাশে একটি জায়গায় আগুন জ্বলতে দেখেন তিনি। এ সময় মান্না ফলিয়া চিৎকার শুরু করলে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
মান্না ফলিয়া জানান, ঘরে আগুন লাগার মতো কিছু ছিল না। তবে কিভাবে আগুন লেগেছে বা নাশকতা কি না সে বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। ঘরে থাকা কাঠসহ বিছানা, প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। আগুন লাগার ঘটনাটি জানতে না পারলে বড় ধরনের ক্ষতি হতে পারতো। এ দিকে এ ঘটনার পর ওই এলাকায় বসবাসরত ১৫টি খ্রিষ্টান পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, পুলিশ ধারণা করছে বিড়ির আগুন থেকে খড়ির ঘরে আগুন লেগেছে। এ ছাড়াও পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে। ঘটনাস্থল পরিদর্শন করে খ্রিষ্টান সম্প্রদায়কে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এ পুলিশ কর্মকর্তা।
