আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বহিষ্কার করা হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেবে না।
আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যদি কেউ ১৩ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
তিনি বলেন, দলের প্রতিটি স্তরে নির্বাচন করার মতো একাধিক প্রার্থী আছেন। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে, তারা উল্টোপাল্টা বলবে– এটাই স্বাভাবিক। তাদের কথা শোনার সুযোগ নেই।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার।
