আসন্ন পৌরসভা নির্বাচনে স্বাধীনতাবিরোধী ও নিবন্ধন বাতিল হওয়া দল জামায়াতের নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পাটি উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক বিবৃতিতে পার্টির সভাপতি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, জামায়াত দলগতভাবেই যুদ্ধাপরাধী। এটি এখন আর কেবল অভিযোগ নয়, বরং আদালতের বিচারে প্রমাণিত সত্য। শুধু তাই নয়, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসির আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনে এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামী সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন প্রাণদণ্ড লাঘবের আবেদনে একাত্তরে তাদের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড স্বীকার করে নিয়েছেন। ফলে দলগতভাবেই যারা স্বাধীনতাবিরোধী, সেই দলের কোনো সদস্যের স্বাধীন বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ধরনের অধিকার থাকতে পারে না।
তারা বলেন, জামায়াতের গঠনতন্ত্র স্বাধীন বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে উচ্চ আদালতের রায়ে তাদের নিবন্ধন বাতিল হয়েছে। যে দলটির গঠন প্রক্রিয়া ও গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই দলের সদস্যরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করে?
বিবৃতিতে নেতারা বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে যে জামায়াতের অন্তত ৪৪ জন নেতা দেশের বিভিন্ন পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এর বাইরে আরো বহু সংখ্যক নেতা বিএনপি’র ব্যানারে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
