সিলেট বিভাগের ১৬ পৌরসভায় মেয়র পদে ৮৬ ও কাউন্সিলর পদে ৬৮৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
এর মধ্যে সাধারণ (পুরুষ) কাউন্সিলর ৬২৫ ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থী ১৬১ জন। সবচেয়ে বেশি মনোনয়ন দাখিল হয়েছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। সবচেয়ে কম সিলেটে।
জানা গেছে, সিলেট জেলায় মেয়র পদে ২৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪ জন মনোনয়ন দাখিল করেছেন। সুনামগঞ্জে মেয়র পদে ১৩, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মৌলভীবাজারে মেয়র পদে ২৪, সাধারণ কাউন্সিলর পদে ১৪৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়ন দাখিল করেছেন। হবিগঞ্জে মেয়র পদে ২৬, সাধারণ কাউন্সিলর পদে ২১৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৪ জন মনোনয়ন দাখিল করেছেন।
এদিকে মেয়রপ্রার্থীদের সিংহভাগই দলীয় মনোনয়ন পেয়েছেন। এছাড়াও কয়েকটি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাপার বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। বিএনপি জোটের শরীক দল খেলাফত মজলিস পৃথকভাবে প্রার্থী দিয়েছে। জামায়াতে ইসলামীর নেতারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সিলেটের তিনটি পৌর সভায় মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া দলীয় প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন, জাসদ, ওয়ার্কার্স পার্টি, এনপিপি। অবশ্য অনেক স্থানে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সড়ে দাড়ানোর জন্য লবিং চলছে।
