বিয়ে করতে এসে বর শ্রীঘরে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ২০:৩৬

 

জেলার তানোরে বাল্যবিয়ে করতে আসা বর ইমন আলীকে (১৭) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর ২টার দিকে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনীরুজ্জামান ভূঁঞা কাজীপাড়া গ্রামে গিয়ে বাল্যবিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ডের আদেশ দেন।

জানা গেছে, ওই গ্রামের মুন্তাজ আলীর মেয়ে সোনিয়ার (১৫) সঙ্গে গোদাগাড়ীর কাশিমপুর গ্রামের খাইরুলের ছেলে ইমন আলীর বিয়ের প্রস্তুতি চলছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ের প্রমাণ পেয়ে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, উভয়পক্ষ বাল্যবিয়ের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হওয়ায় লঘু দণ্ড দেওয়া হয়েছে।