রাজশাহী কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ২১:৪০

 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মোস্তাক শেখ (৪০) নামে এক ভারতীয় কয়েদি মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

 

মোস্তাক শেখের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলার বালিয়াচর থানার মজমপুর গ্রামে। তিনি ওই গ্রামের জহিরের ছেলে। তার কয়েদি নম্বর- ৬০৯৪/এ।

 

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মোস্তাক শেখের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১৯৯৮ সালের ২৯ অক্টোবর অন্যদের সঙ্গে নারী নির্যাতনের একটি মামলা করা হয়। তিনি ওই   মামলার ১৪ নম্বর আসামি ছিলেন। মামলায় তার ৩০ বছরের কারাদণ্ড হয়।

 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন বজলুর রশিদ জানান, শুক্রবার সন্ধ্যায় মোস্তাক শেখ কারাগারের ভেতরে বুকের ব্যথা অনুভব করেন। তাকে রামেক হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করার জন্য নিয়ে যা্ওয়া হয়। এরপর জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার পথেই মোস্তাক শেখ মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।