দিনাজপুর পৌরসভার মেয়র বরখাস্ত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ২২:৫১
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। তিনি জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক।   
 
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে পৌরসভার ১নং প্যানেল মেয়র কোতয়ালী বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তরের আদেশ দেয়া হয়েছে।
 
প্রজ্ঞাপনে জানানো হয়, বিধিমালা ভঙ্গ করে কর্তৃত্ব বহির্ভূতভাবে বিভিন্ন ব্যক্তির হোল্ডিং করের টাকা কমিয়ে পৌরসভার আর্থিক ক্ষতিসাধন এবং চাহিদা না থাকা সত্ত্বেও একক ক্ষমতাবলে কর্মচারী নিয়োগের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
 
বেশ কয়েকমাস আগে মেয়রের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার লিখিত অভিযোগ পেশ করা হয় বলে জানা গেছে।
 
মেয়র সৈয়দ জাহাঙ্গীর জানান, মন্ত্রণালয় হতে কোন প্রজ্ঞাপন না পেলেও বরখাস্তের খবর পেয়েছেন। বাসস।