গোপালগঞ্জের কাশিয়ানী পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল করাকে কেন্দ্র করে শনিবার কয়েকজন যুবক ওই অফিসের ডিজিএম’র কক্ষে এ হামলা চালায়। এ ঘটনায় পুলিশ কামরুল গাজী (৪০) নামে এক হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছে।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের ব্যবসায়ী কামরুল গাজীর নভেম্বর মাসের বিদ্যুৎ বিল বিগত কয়েক মাসের চেয়ে দ্বিগুন টাকা বেশি এসেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সমাধান না পেয়ে তিনি শনিবার বিকেলে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে এ হামলা চালান। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পোনা গ্রামের ওই ব্যবসায়ীকে আটক করে।
কাশিয়ানী পল্লী বিদ্যুৎ এর ডি জি এম কৃষ্মপদ বিশ্বাস বলেন, ‘কামরুল গাজী দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানে গোপন বিদ্যুৎ সংযোগ নিয়ে বানিজ্যিক এর স্থলে আবাসিক বিল দিয়ে আসছিলেন। বিষয়টি জানতে পেরে ওই বিলটি আমরা বর্তমানে (জি পি) সেকশনে তৈরি করি। এ কারণে কামরুল গাজী অফিসে লোকজন নিয়ে এসে হামলা চালান।’
