মুক্তিপণ নিয়ে স্কুলছাত্রকে ফিরিয়ে দিল দস্যুরা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৮:১৩
সুন্দরবনের বনদস্যু আকাশ বাহিনী মুক্তিপণ নিয়ে রাজিব হোসেন নামের এক স্কুলছাত্রকে ফিরিয়ে দিয়েছে। সে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের আ. আজিজ মুন্সীর ছেলে। সে স্থানীয় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
 
জানা গেছে, অপহরণের সাতদিন পর শুক্রবার ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তাকে অন্য এক জেলের নৌকায় তুলে দেয় ওই বনদস্যু বাহিনী। শনিবার সকালে রাজিব বাড়ি ফিরে আসে।
 
আ. আজিজ মুন্সী জানান, সংসারে অভাব অনটনের কারণে রাজিব তার বড় ভাই রাসেলের সঙ্গে সুন্দরবনে মাছ ধরতে যায়। ২৮ নভেম্বর বিকেলে তারা শরণখোলা রেঞ্জের মরাভোলা খালে মাছ ধরছিল। এ সময় বনদস্যু আকাশ বাহিনীর সদস্যরা রাজিবকে অপরণ করে নিয়ে যায়। ওই এলাকা থেকে এ সময় আরো বেশ কয়েকজন জেলেকেও অপহরণ করে ওই দস্যু বাহিনী।
 
তিনি আরো জানান, অপহরণের পর দস্যুরা মুক্তিপণের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। শুক্রবার ধারদেনা করে  ২০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করা হয়। মুক্তিপণের টাকা হাতে পেয়ে দস্যুরা ওইদিন গভীর রাতে সুন্দরবনের ঠেঁটচিার-ভাইজোড়া নামক স্থানে রাজিবকে অন্য একটি জেলে নৌকায় তুলে দেয়।