গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাল্য বিয়ে ও বহুবিবাহের দায়ে মো. যোবায়ের হোসেন (৩৬) নামে এক ইমামকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকার বাইতুল আমান জামে মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছিলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মো. যোবায়ের হোসেন। বাড়িতে স্ত্রীসহ দুই কন্যা সন্তান রয়েছে তার। কিন্তু বিগত এক মাস আগে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার ৯ম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছরের এক কিশোরীকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। এ সময় ওই কিশোরীকে প্রথম বিয়ের কথা গোপন করেন যোবায়ের। শনিবার সকালে প্রথম স্ত্রী দুই সন্তান নিয়ে ওই এলাকায় গেলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা বিষয়টি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরনকে জানালে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানকে জানান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করার অপরাধে যোবায়েরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
