বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বড় শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে আসন্ন পৌর নির্বাচনে বিএনপির কোনো সমঝোতা হয়নি। সমঝোতা হওয়ার সম্ভাবনাও আপাতত নেই। জামায়াত ‘একলা চলো’ পথে নেমেছে। নিজেদের মতো করেই তারা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। বিএনপি এবং জামায়াত মেয়র প্রার্থীরা ভাগাভাগির সমীকরণ বদলে নিয়েছেন। নতুন কৌশলে সমুখে অগ্রসর হচ্ছেন তারা।
আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতার সুযোগ রহিত হওয়ায় ৪৪ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। এর বাইরে ‘ডামি’ হিসাবেও আছেন প্রার্থিরা। একজন বাতিল হলে লড়াইয়ে থাকবেন বিকল্প।
পৌর নির্বাচনে সমন্বয় ও প্রত্যয়নকারী বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতের সঙ্গে আমাদের কোনো সমঝোতা হয়নি। তারা তাদের মতো নির্বাচন করছেন, আমরা আমাদের মতো। তারা আমাদের কাছে কোনো তালিকা দেয়নি। সংখ্যাও দাবি করেনি।
ইতিমধ্যেই ২০ দলীয় জোটের শরিক অলি আহমেদের এলডিপি এবং মরহুম কাজী জাফর আহমদের জাতীয় পার্টিকে দু’টি মেয়র পদ প্রতিদ্বন্দিতার জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্য শরিকদের মধ্যে নিবন্ধিত দলগুলো কোনো মেয়র পদ চায়নি বিএনপির কাছে।
