মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সম্মেলন পণ্ড

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ০১:২১
মির্জাপুর উপজেলার ৪ নং বানাইল ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে প্রতিপক্ষ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নামধারী ক্যাডার বাহিনী হামলা চালিয়ে মঞ্চের চেয়ার-টেবিল এবং  প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে। এই ঘটনার পর ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
শুক্রবার রাতে বানাইল ইউনিয়নের ভাবখন্ড দাখিল মাদ্রাসা মাঠে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, সম্মেলনের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ বক্তৃতা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার কিছুক্ষণ পরই  ঐ হামলার ঘটনা ঘটে।
 

প্রতিপক্ষের লোকেরা লাঠিসোটা নিয়ে মঞ্চে হামলা চালিয়ে চেয়ার-টেবিল  ভেঙে ফেলে ও গেটের সামনে ফেস্টুনে লাগানো প্রধানমন্ত্রী এবং জাতির জনকের ছবি ভাংচুর করে।