ফরিদপুরে পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৫:৫০
ফরিদপুরে ৫৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চিহ্নিত সন্ত্রাসী হাতকাটা শাহিনের (৩৭) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করা হয়। 
 
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, শহরের বাইপাস সড়কের পাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী বাহিনী সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। পুলিশ পৌঁছে গোলাগুলির শব্দ শুনতে পায়। পরে পুলিশ ৬-৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ গুলি ছোড়ার পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে হাত কাটা শাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই এলাকা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। 
 
তিনি আরও জানান, বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে হাত কাটা শাহিনের বিরুদ্ধে।