সুপারি ও আলুর বস্তায় ইয়াবা, আটক ৪

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৪
 
চট্টগ্রামে সুপারি ও আলুর বস্তা থেকে ১১ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। রবিবার ভোরে শাহ আমানত সেতুর টোলপ্লাজায় একটি পিকআপ ভ্যান থেকে এগুলো জব্দ করা হয়।
 
আটককৃতরা হলেন- পিকআপের চালক নিজাম (৩০), তার সহকারী রাসেল (২৮) এবং বস্তার মালিক শহিদুল্লাহ (৩২) ও বেলাল (২৫)।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান জানান, বস্তায় ইয়াবা ভরে কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। এর মধ্যে সুপারির ৪৬টি এবং আলুর ছয়টি বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।