খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৮
খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রবিবার দুপুর দেড়টার দিকে নগরীর দৌলতপুর রেলগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে নগরীর দৌলতপুর রেলগেট এলাকায় বেসরকারি সংস্থা অ্যাডামসের সামনে খুলনা থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী রূপসা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের (যশোর-ব-০২-০০৪৫) সঙ্গে বিপরীতমুখি একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। 
 
ঘটনার সত্যতা স্বীকার করে নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, 'নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।'