নাটোরে তিন মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৬:১০
নাটোরের ছয় পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে রবিবার। এতে তিন মেয়র এবং ২১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে পাঁচজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। 
 
বাতিল হওয়া প্রার্থীদের বেশির ভাগই বিএনপি সমর্থিত বলে দাবি করেছে জেলা বিএনপি। বাছাইয়ের পর জেলার ছয়টি পৌরসভায় মোট ২৫জন মেয়র প্রার্থী, ২২৬ জন কাউন্সিলর এবং ৬০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
 
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোর ও গুরুদাসপুর পৌরসভায় ওয়ার্কাস পাটির মেয়র প্রার্থী যথাক্রমে মাহবুবুল আলম ও সুলতান আহম্মেদের দলীয় সম্মতিপত্র না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বড়াইগ্রাম পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল হক মুক্তার এভিডেভিটে স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শরিফুল হক মুক্তা এই বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে। 
 
কাউন্সিলরদের মধ্যে বড়াইগ্রাম পৌরসভার ১২জন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। নাটোর পৌরসভায় বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ ও সদরুল ইসলাম ডাম্বেল এর মনোনয়নপত্র মামলা থাকায় বাতিল করা হয়েছে। এছাড়া সিংড়া পৌরসভায় চারজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও দুজন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং গুরুদাসপুর পৌরসভায় একজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।