নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২২:৩২

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ, প্রিজাইডিং অফিসারসহ অর্ধশত লোক আহত হয়েছে। অনিয়ম-হামলার অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া নির্বাচনী অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: 

তাহিরপুর (সুনামগঞ্জ): আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্র দখল নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাহিরপুর উপজেলার পুরান ঘাট প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুল হক ও আওয়ামী লীগ প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হন। দীঘলবাক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে ২০ জন আহত হন। ছিনতাই হয় একটি ভোটবাক্স। এ সময় পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ স্থগিত করা হয়। অপরদিকে কড়ইগরা বিদ্যালয়ে কেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

হবিগঞ্জ: গতকাল বেলা ১১টার দিকে বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাত্ক্ষণিক ইকরাম কেন্দ্রে হামলা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে শাহপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাষক জাহির আলম, কনস্টেবল জামাল উদ্দিন, আনসার সদস্য আব্দুল মালেকসহ ছয়জন আহত হন। সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে বলে জানান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার। আহত পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুপুর ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যালট পেপার ছিনিয়ে নেয় তারা।  এ কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার মহিতোষ সূত্রধর।

পাটগ্রাম (লালমনিরহাট): দুপুরের দিকে পাটগ্রাম পৌরশহরের ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে নৌকা ও আনারস মার্কার সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম জানান, ১ নম্বর ভোটহাট খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাই ও ভোট প্রদানের চেষ্টা করলে  প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বাতিল করেন।

গোদাগাড়ী (রাজশাহী): সুলতানগঞ্জ আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসায় নৌকার পক্ষে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ভোট স্থগিত করা হয়েছে।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : বেলা পৌনে ১১ টায় কয়েকজন বহিরাগত সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রের ৯ নম্বর বুথে প্রবেশ করে সহকারী প্রিজাইডিং অফিসার জেসমিন আরার কাছ থেকে মহিলা ভাইস চেয়ারম্যানের ১০টি ব্যালট ছিনিয়ে নেয়।

কালাই (জয়পুরহাট): কুসুম সাড়া বিদ্যালয় কেন্দ্রে জাসদ মনোনীত প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকা মার্কার দুই কর্মী আব্দুস সবুর ও জরিনা বেগম আহত হয়েছেন।

 সৈয়দপুর (নীলফামারী): জাল ভোট দেওয়ার সময় নিয়ামতপুর বিদ্যালয় কেন্দ্র থেকে রাসেল মিয়া নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। 

সিরাজগঞ্জ: শনিবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড মাহমুদপুর বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের বহলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কর্তব্যরত মাইদুল ইসলাম নামে এক আনসার সদস্যকে গুলি চালানো শেখাতে যায় এক পুলিশ সদস্য।

নীলফামারী: ভোটকেন্দ্রে প্রভাব ও উত্তেজনা সৃষ্টির দায়ে সাতজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

লালপুর (নাটোর) : অবৈধভাবে প্রভাব বিস্তারের কারণে রহিমপুর বিদ্যালয় কেন্দ্রে আতিকুর রহমান নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।