ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৫৭

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:৪২

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তে যাত্রী ও ক্রুসহ মোট ১৫৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। বিমানটিতে ৩৩টির বেশি দেশের নাগরিক ছিল বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি কেনিয়ার নাগরিক ছিল। ভারতেরও চারজন যাত্রী রয়েছে বলে বিবিসি’র খবরে বলা হয়েছে, ইথিওপিয়ান এয়াইলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি রাজধানী আদিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবিতে যাচ্ছিলো। ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তারা বলছেন, বিমানটি আকাশে উড়ার ছয় মিনিট পরই স্থানীয় সময় সকাল ৮ টা ৫৫ মিনিটে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটারে এক বার্তায় এই দুর্ঘটনার কথা জানান এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিশফু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং সেখানে উদ্ধার অভিযান চলছে। এয়ারলাইন্সের সিইও তেওলদে জেব্রেমারিয়াম এক ব্রিফিংয়ে বলেছেন, দুর্ঘটনার আগে বিমানের ক্যাপ্টেন বোলে বিমানবন্দরের কন্ট্রোলারদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিমানে কিছু জটিলতা দেখা দিয়েছে এজন্য তিনি ফিরে আসতে চান। এক্ষেত্রে তাকে অনুমতিও দেওয়া হয়। তিনি আরো জানান, বিমানটি সকালেই দক্ষিণ আফ্রিকা থেকে এসে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িং ২০১৬ সালে বি ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বাজারে ছাড়ে। ইথিওপিয়ান এয়ারলাইন্স গত বছর তার বহরে এই বিমানটি যুক্ত  করেছিল। পাঁচ মাস আগে লায়ন এয়ারের একই মডেলের একটি বিমান ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে বিধ্বস্ত হয়। এতে ১৯০ জন প্রাণ হারান। রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাধীন এজেন্সি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্তে একটি টিম ইথিওপিয়ায় পাঠাবে।

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১২

কলম্বিয়ায় শনিবার একটি বিমান বিধ্বস্তে ১২ জন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা এ তথ্য জানিয়েছে। সিভিল অ্যারোনটিক্সের বিশেষ প্রশাসনিক ইউনিট জানিয়েছে, বিধ্বস্ত বিমানের কোন আরোহী বেঁচে নেই। স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ডিসি-৩ বিমানটি থেকে কল আসার পর এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে এটি বিধ্বস্ত হয়।

বিবিসি’র খবরে বলা হয়েছে, লেজার এরিও এয়ারলাইন্সের বিমানটি দক্ষিণাঞ্চলীয় শহর সান হোসে দেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় ভিয়াভিসেন্সিওতে যাচ্ছিল। বিমানটি ফ্লাইটের মাঝপথে সান কার্লোস দে গুয়ারোয়া শহরে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার আগে দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটির পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন।