পাটের বস্তা ব্যবহার না করায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারের সাত ব্যবসায়ীসহ আটজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এ দণ্ডাদেশ দেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, উলুখোলা বাজারের চাউল ব্যবসায়ী লিয়াকত হেসেন, সিরাজ মিয়া, আওলাদ হোসেন, কফিল উদ্দিন, ফিরোজ মিয়া, মুনসুর হোসেন, সেলিম মিয়া।
জানা গেছে, দুপুরে পাটজাত দ্রব্য ব্যবহারের বিধিনিষেধ আইন যাচাইয়ে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মালিককে পাটের তৈরি চটের বস্তা ব্যবহার না করে অন্য বস্তা ব্যবহার করার দায়ে নগদ পাঁচ শ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।এ সময় সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে আসাদুজ্জামান নামে অপর একজনকেও অর্থদণ্ড দেয়া হয়।
