আসন্ন পৌরসভা নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীদের নির্ধারিত প্রতীক অপমানজনক বলে দাবি করেছেন গাইবান্ধার নারী নেত্রীরা।
চুড়ি, পুতুল, চকলেট, গ্যাসের চুলা, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, কাঁচি, হারমোনিয়াম, মৌমাছি ও আঙ্গুর প্রতীকগুলো পরিবর্তন করার দাবি জানান গাইবান্ধার বাংলাদেশ মহিলা পরিষদ।
রবিবার দুপুরে সংগঠনের জেলা শাখার নেত্রীরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান।
পরিষদের গাইবান্ধার সভাপতি আমাতুর নুর ছড়া সাংবাদিকদের বলেন, ‘নারী কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য যেসব প্রতীক নির্ধারণ করা হয়েছে তা নারী সমাজের জন্য অপমানজনক। আমরা মনে করি, পুরুষতান্ত্রিক মানসিকতা ও দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে এসব প্রতীক পরিবর্তন করা প্রয়োজন।’
এ সময় অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক রিক্তু প্রসাদ, নাজমা শওকত, নিয়াজ আকতার ইয়াসমীন, কাণিজ ফাতেমা প্রমুখ।
