এক যুবকের হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় মহাসড়কে অবস্থান নেয়া এলাকাবাসীকে লাঠিচার্জ করে হটিয়ে দিয়েছে পুলিশ। এঘটনায় দু’জনকে আটকও করা হয়। সোমবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের বনানীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে গত ২০ অক্টোবর রাতে শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম দক্ষিণ পাড়ার মোতালেব হোসেনের ছেলে আবু হানিফকে (২০) ছুরিকাঘাত করে তার চাচাতো ভাই রনি। পরদিন ভোরে সে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই রনি (২৫) এবং তার বাবা মিয়াজ উদ্দিনকে (৪৮) আটক করে। পরে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হত্যা মামলার অপর আসামীদের গ্রেফতারের দাবীতে সোমবার দুপুর ১২টার দিকে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ বনানীতে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এসময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে।
খবর পেয়ে শাজাহানপুর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করে। এসময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অবরোধকারীদের সরিয়ে দেয়া হয়েছে। দু’জনকে আটক করা হলেও তারা কোনো মামলার আসামী না হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
