জলবায়ু পরিবর্তনের কারণে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় আগত উদ্বাস্তু জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ৮২ কোটি ৩০ লাখ টাকার নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। তিন বছর মেয়াদী পাইলট প্রকল্পটি ‘আরবান মানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি)’ নামে অভিহিত হবে।
প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা সোমবার নগরভবনে মেয়র (দায়িত্বপ্রাপ্ত) মো. নিযাম উল আযীমের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে মহানগরীর ছয়টি বস্তিকে ইতোমধ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তবে এর চূড়ান্ত তালিকা নির্ধারণ করবে রাজশাহী সিটি করপোরেশন। রাজশাহী মহানগরী ছাড়াও খুলনায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের কর্মসূচি সফল হলে বৃহৎ আকারে আরও নতুন প্রকল্প এ মহানরগীতে কার্যক্রম শুরু করবে বলে জানান প্রকল্প কর্মকর্তারা।
প্রকল্প প্রতিনিধি দলে ছিলেন প্রধান উপদেষ্টা হ্যনস জয়েসইম হারম্যান, টিম লিডার ইউআইএফ নিউজপার্ট, অ্যাডভাইজর আখতারুজ্জামান, আরআইইউডি রিজিওনার কো-অর্ডিনেটর এনামুল হক, অ্যাডভাইজর শবনম খানম প্রমুখ। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের সচিব সৈয়দা জেবিননিছা সুলতানা, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
