ঢাকার কামরাঙ্গীর চর এলাকার একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল প্রসাধন সামগ্রী ও এসব তৈরির উপকরণ জব্দ করেছে। এসব পণ্যের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। জব্দকৃত এসব পণ্য ধ্বংস করা হয়েছে।
সোমবার কামরাঙ্গীর চরের পশ্চিম নবীনগর এলাকার সাদিয়া হারবাল নামের ওই কারখানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ (এবিপিএন) ও ঢাকার জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। জেলা প্রশাসনের পক্ষে ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, কারখানা কর্তপক্ষ দীর্ঘদিন ধরে সয়াবিন তেল, পাম অয়েল, ময়দা, কাঠের গুঁড়া, হলুদ ও চুনা পাওডারসহ বিভিন্ন দ্রব্য মিশিয়ে নানা ধরনের অলিভ অয়েল, হার্বাল অয়েল ও চুলের তেল তৈরি করে বাজারজাত করছিল।
অভিযানে বিএসটিআই কর্মকর্তা খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
