বরগুনায় দেবরের দায়ের কোপে প্রাণ গেল ভাবীর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৮:১৭

 

পারিবারিক বিষয় নিয়ে বরগুনার তালতলীতে দা দিয়ে কুপিয়ে তানিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার দেবর হাবিবুল্লাহ খান (২০)।

 

সোমবার দুপুরে বরগুনার তালতলী উপজেলার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তানিয়া আক্তার ইদুপাড়া গ্রামের দুলাল খানের স্ত্রী। অভিযুক্ত হাবিবুল্লাহ খান পটুয়াখালী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

 

স্থানীয়রা জানায়, দুলাল খান ও হাবিবুল্লাহ খান একই বাড়িতে বসবাস করে আসছিলেন। দু’দিন আগে বাড়ি এসে হাবিবুল্লাহ খান তার মাকে নিয়ে আলাদাভাবে বসবাসের দাবি জানান। এ সময় দুলাল ছোট ভাইকে জানিয়ে দেন, তার পক্ষে দুই পরিবারকে অর্থ দেওয়া সম্ভব না। আলাদা বসবাস করতে হলে তাকে আয় করে চলতে হবে। পরে দুলাল খান বঙ্গোপসাগরে মাছ ধরতে যান।
 
সোমবার দুপুরে তানিয়ার সঙ্গে দেবর হাবিবুল্লাহ খানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুল্লাহ দা দিয়ে তানিয়ার গলায় ও বুকে কোপ দেন। এ সময় তানিয়ার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।