বিএনপি ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। গতকাল রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডসহ ৭৫-এর ১৫ আগস্টের পর সেনাবাহিনীতে হত্যাকাণ্ডসহ যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর প্রকৃত রহস্য উদঘাটনে একটি কমিশন গঠনেরও দাবি জানান তিনি। বক্তব্যে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধুর খুনি কর্নেল হুদার সঙ্গে ড. কামালের পানীয়র মতো কিছু খাওয়ার ছবি আমার মোবাইলে আছে। হুদা বঙ্গবন্ধুর খুনি, তিনিও (ড. কামাল) যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন না সেটা কীভাবে বলবো!
শেখ সেলিম বলেন, স্বাধীনতার ৪৮ বছর পর জামায়াতের লোকেরা নিজেদের ভুল বুঝতেছে, ক্ষমা চাওয়ার কথা বলছে। তাদের ক্ষমা নেই। বিএনপিরও ক্ষমা নেই। বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেশে স্বাধীনতার বিপক্ষের শক্তির কোনো রাজনীতি আর থাকতে পারবে না।
ড. কামালের সমালোচনা করে তিনি বলেন, ১/১১-এর সময়ও আমাদেরকে নির্যাতন করা হয়, মৃত্যুর মুখোমুখি করা হয়। অমানবিক নির্যাতন চালায় আমাদের উপর। দুর্নীতি করল খালেদা জিয়া, তারেক জিয়া ও হাওয়া ভবন, অথচ ধরলো আমাদের। ড. কামাল গণতন্ত্র নিয়ে চিত্কার করছেন। ১/১১-এর সময় তিনি তাদের পক্ষে সেমিনারে বক্তব্যে বলেছিলেন ২ বছর থাকতে পারেন। সুযোগসন্ধানী ড. কামাল, সেইদিন তোমার আইন কোথায় ছিল? বঙ্গবন্ধুকে হত্যার পর ড. কামালকে প্রেস কনফারেন্স করতে অনুরোধ করেছিলেন শেখ হাসিনা, উনি প্রেস কনফারেন্স করেননি।শেখ সেলিম বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের নির্বাচন বানচালের জন্য যে জ্বালাও-পোড়াও এবং নাশকতা চালিয়েছে তা কল্পনা করা যায় না। এতিমের টাকা মেরে খালেদা জিয়া এখন জেলে। টাকা পাচার করে তারেক জিয়া বিদেশে পলাতক। বিএনপি এখন নেতা খুঁজতেছে। কে তাদের নেতা? বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে ড. কামাল একবার এমপি হয়েছিল। আর কোনোদিন নির্বাচনে জেতেনি, তিনি আর নির্বাচনও করেন না। সেই কামাল হোসেন বিএনপির হয়ে এখন গণভবনে সংলাপে আসেন।
শেখ সেলিম বলেন, খালেদা জিয়ার চিকিত্সা নিয়ে নাটক করা হচ্ছে। তাকে ফাইভ স্টার হোটেলের মতো রাখা হয়েছে। পৃথিবীর কোথাও নেই বাড়ির কাজের লোককে কারাগারে দেওয়া হয়। কিসের জন্য ইউনাইটেডে চিকিত্সা হবে? আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিত্সা নিয়ে বিএনপি, জামায়াত ও জঙ্গিরা বিভিন্নভাবে কুত্সা রটাচ্ছে। বলে খালেদা জিয়ার চিকিত্সা হয় না, কাদেরের চিকিত্সা কেন সিঙ্গাপুরে হবে? আরে খালেদা জিয়া চোর, সাজাপ্রাপ্ত। কাদের তো চোর না। তিনি আরো বলেন, পদ্মা সেতু নির্মাণে ভুয়া দুর্নীতির অভিযোগ তুলেছিল বিশ্ব ব্যাংক। দুই বছরের মধ্যে পদ্মা সেতু চালু হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে বলেছেন- আগামী ১০ বছরে আমরা বাংলাদেশের মতো হব। তুমি ১০ বছরে আমাদের ধরবা, ১০ বছরে যে আমরা আরো এগিয়ে যাব।
