মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনে শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ওই আদেশে স্থগিতাদেশ দেন।
এর ফলে আগামী ৩০ ডিসেম্বর ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
এর আগে ২ ডিসেম্বর এক রিট আবেদনের সম্পূরক আবেদনে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সিংগাইর পৌরসভার ভোট গ্রহণের বিষয়ে ছয় মাসের স্থগিতাদেশ দেয়। নির্বাচনী এলাকার ভোটার মোস্তাক আহমেদ ভূইয়া ২১ জুন ওই রিট আবেদন করেছিলেন, যাতে প্রাথমিক শুনানি নিয়ে ২৩ জুন আদালত রুল দেয়।
পরে এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে ২ ডিসেম্বর হাই কোর্ট বেঞ্চ নির্বাচনের ওপর ওই স্থগিতাদেশ দেয়।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও সিংগাইরের আগে আদালতের আদেশে মোংলা পৌরসভার ভোট স্থগিত হয়। সিংগাইরের নির্বাচনের বাধা কাটায় এখন ২৩৫টি পৌরসভায় নির্বাচন হবে।
