আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মেয়র পদে ৯৬১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫১২ ও সাধারণ কাউন্সিলর পদে ৯১৬৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।
সোমবার নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুল আলম জানান, শনিবার ও রবিবার যাচাই-বাছাই করা হয়েছে। এ বছর ৫টি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ১০৯৬টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বাতিল হয়েছে ১৩৫টি। সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬৬৮টি আবেদনের বিপরীতে বাতিল হয় ১৫৬টি। সাধারণ কাউন্সিলর পদে ৯৭৪১টি আবেদনের বিপরীতে ৫৭২টি বাতিল হয়।
এদিকে, নির্বাচনী আইন অনুসারে, ভোট গ্রহণের ২১ দিন আগে থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। অর্থাৎ প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রচারণার মাঠে নামার অনুমতি আছে। সে হিসেবে আসন্ন পৌর নির্বাচনের প্রার্থীরা আগামী বুধবার থেকে প্রচারণা চালাতে পারবেন। কিন্তু এবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় দল সমর্থিত মেয়র প্রার্থীরা কার্যত বেশি সুবিধা পাচ্ছেন। কারণ তারা দলের প্রতীক পাবেন সুতরাং আলাদা করে প্রতীক বরাদ্দের কিছু নেই।
