কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত কালু উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। সে লামা উপজেলার আজিজনগরস্থ চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণীর ছাত্র ছিল।
সোমবার সকালে উপজেলাধীন কক্সবাজার-চট্টগ্রাম সড়কের উত্তর হারবাং এলাকায় বাইসাইকেলে করে কালু স্কুলে যাচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি পেছন থেকে বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর বাসটির চালক-হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন জানান, উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
