শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সোয়া ৮টায় আবার সচল হয়েছে। এই সময় ধরে দুই সহ্রাধিক যাত্রীসহ আট ফেরি পদ্মা নদীতে আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
শিমুলিয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার গিয়াসউদ্দিন পাটুয়ারী জানান, ভোর সোয়া ৫টায় কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে। এতে বিকন বাতি বা খুব কাছের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এই সময় ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, ফেরি আমানত শাহ, ফেরি রানীক্ষেত, ফেরি লেন্টিং, ফেরি টাপলু, ফেরি রামশ্রী ও ফেরি ক্যামেলি নদীতে আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো আবার গন্তব্যে রওনা হয়েছে।
