দিনাজপুরের বিরামপুরে গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত নাজমুল (৫০) দিনাজপুরের বোচাগঞ্জ থানার মালগাঁও গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
জানা গেছে, রাত দুইটার দিকে উপজেলার মৌপুকুর গ্রামের হাজী হাসান আলী সরকারের বাড়িতে ২০/২৫ জনের একটি ডাকাত হানা দেয়। এসময় তারা তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে নাজমুলকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত নাজমুলকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকাল নয়টার দিকে পুলিশ প্রহরায় চিকিত্সাধীন অবস্থায় নাজমুল মারা যান।
হাসপাতালের আরএমও ডা: মশিউর রহমান জানান, নাজমুলের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু ঘটেছে।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতি এবং ডাকাত নিহতের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।
