গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনায় বাস চাপায় মো. মোস্তফা (৪০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত মো. রফিকুল ইসলাম (২৭) নারায়নগঞ্জ জেলা পুলিশের সদস্য। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাম্মেল মিয়া জানান, সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনায় ইউটা গার্মেন্টেসের সামনে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা মো. মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। আহত হন পুলিশ সদস্য রফিকুল ইসলাম। পরে নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এবং রফিকুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
