মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকগুলো খুব অপমানজনক। এ ধরনের প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচন কমিশন তাদের সনাতনী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
মঙ্গলবার সকালে মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারী আজ শুধু চুড়ি পরে গৃহের অভ্যন্তরে বন্দী নয়। নারীরা আজ বিমান চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, রাইফেল, স্টেনগান চালাচ্ছে। নারী এখন সবকিছুর প্রতীক। নারীর প্রতীক কেন চুড়ি না হয়ে বিমান হলো না?’
মেহের আফরোজ চুমকি বলেন, আগেও নারী প্রার্থীদের এরকমের বিব্রতকর প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ করেছে। প্রতিবাদও হয়েছে। এরপরও নির্বাচন কমিশনের এরকমের দায়িত্বহীনতা দুঃখজনক। প্রতিমন্ত্রী একজন নারীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানান।
সমাবেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, নারীকে সাহসী হতে হবে। কোনোভাবে পিছপা হওয়া যাবে না। তিনি নারী নির্যাতন প্রতিরোধে নারীর পাশাপাশি পুরুষদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
শোভাযাত্রাটি রাজধানীর ইস্কাটনের মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক এ বি এম জাকির হোসেনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
