দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা জানি এই নির্বাচন (পৌরসভা) সুষ্ঠু হবে না, অবাধ হবে না। প্রশ্ন উঠবে- তাহলে নির্বাচনে যাচ্ছি কেন। এজন্য যাচ্ছি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা একটা উদার ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন আনতে চাই।’
মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অঙ্গ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে যৌথসভার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তেমন পরিস্থিতি হলে নির্বাচন বর্জন করবেন কিনা- এমন প্রশ্নের উত্তরে বিএনপির মুখপাত্র বলেন, ‘এ ধরনের কথা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কৌশল। কে কখন বর্জন করবে- অর্জন করবে, দ্যাট উইল ডিপেন্ড অন দ্যা সারকামস্টেনসেস।’
তিনি বলেন, ‘কয়েকদিন আগে দিনাজপুর পৌর মেয়র জাহাঙ্গীরকে বরাখাস্ত করা হচ্ছে। গণতন্ত্র কোন জায়গায় কোন স্থানে বিরাজ করছে আপনারা ভালো জানেন। যদিও জানি, জনগণ ভোট দিতে পারবে না। আমরা বার বার বলে আসছি, এই নির্বাচন সুষ্ঠু হবে না, অবাধ হবে না।’
