জাতিসংঘের উইমেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং সিডা’র সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে ‘সাত’ নাটক মঞ্চস্থ হয়েছে।
এ নাটকে নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী আলোচিত আফগানিস্তানের ফরিদা আজিজি, উত্তর আয়ারল্যান্ডের ইনেজ ম্যাক কোরমাক, রাশিয়ার মারিনা পিসক্লাকোভা পার্কার, গুয়েতেমালার আনাবেলা ডি লিওন, পাকিস্তানের মুখতার মাই, কম্বোডিয়ার মু সোচুয়া এবং নাইজেরিয়ার হাফসাত এবিওলা’র সাতটি চরিত্রের জীবন কাহিনী তুলে ধরা হয়।
নাটকটি বাংলায় অনুবাদ করেছেন নাট্যজন খায়রুল আলম সবুজ। নাটকটি ইতোমধ্যে বিশ্বের ২৬টি ভাষায় অনুবাদ হয়েছে এবং সেসব দেশে এর মঞ্চায়ন হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, নাট্যজন খায়রুল আলম সবুজ, বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষকগণ নাটকটি উপভোগ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার একথা জানানো হয়।
নাটক মঞ্চায়ন পরবর্তী প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, এ নাটক নারী-পুরুষ লিঙ্গীয় ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে মানুষ হতে সাহায্য করবে।
তিনি বলেন, নারী-পুরুষ একে অপরের ওপর নির্ভরশীল ও পরস্পরের প্রতি ভরসা করে। এসব সম্ভব হয় যখন সে নিজেকে ‘মানুষ’ হিসেবে চিন্তা করে। উপাচার্য নিজেকে নারী-পুরুষ না ভেবে ‘মানুষ’ হিসেবে চিন্তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
