সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। তিনি বলেন, বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এজন্য প্রতিযোগিতা কমিশনের আইনের কঠোর প্রয়োগ করা হবে।
গত শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উদ্যোগে আয়োজিত ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসের আগে পণ্যের অবৈধ মজুত ও দাম বৃদ্ধির সুযোগ দেওয়া হবে না। ব্যবসায় প্রতিযোগিতা না থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।
