সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় অতিথি পাখি শিকারের সময় তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় এয়ারগান ও শিকারকৃত সাতটি বক উদ্ধার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থ জরিমানা করা হয়। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী তাদেরকে এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের কওসার মোড়লকে (৫৫) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই এলাকার সালাম গাজী (৩২) ও ফয়সাল হোসেন (১৮) কে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে পাখি শিকাররত অবস্থায় তাদের আটক করা হয়। সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের একজনকে কারাদণ্ড ও দু’জনকে জরিমানা করে।
