মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকিয়া দিবস উদযাপিত হয়েছে। এতে কন্ঠ শিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে জয়িতা সম্মাননা দেয়া হয়। বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা শেষে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
মমতাজ বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী নারীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা জয়িতা হিসেবে যে সম্মাননা পেলাম তা সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।'
এছাড়া অর্থনৈতিক, শিক্ষা ও চাকরি, সফল জননী, বিবিশিখা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়া, সমাজ উন্নয়নে ভূমিকায় সফলতার জন্য ৫ নারীকে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা জমিলা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।
এতে আরও উপস্থিত ছিলেন মো. আবু জাফর, জেলা ব্র্যাক কর্মকর্তা, নীনা রহমান, মানিকগঞ্জ জেলা নারী নেত্রী এবং এনজিও ব্র্যাক, পারডো, গ্রামীন সেবা সংস্থাসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তারা।
