সম্মাননা পেলেন কুমিল্লার ৫ জয়িতা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৩

 

স্ব-স্ব ক্ষেত্রে অবদান ও সফলতা অর্জনের স্বীকৃতিস্বরুপ কুমিল্লার ৫ জয়িতাকে (নারী) সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

 

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম মামুনুর রশীদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঁইয়া, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার প্রমুখ।

 

অনুষ্ঠানে ৫ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ৫ নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সফলতা অর্জনের জন্য হোমনা উপজেলার কাশিপুর গ্রামের মনিরুল হকের স্ত্রী হাসেনা বেগম, শিক্ষা ও কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য দাউদকান্দির বারপাড়া গ্রামের এম জাকারিয়ার স্ত্রী আলতাফুন্নেছা, সফল জননী চান্দিনার হারং গ্রামের আ. জলিল সরকারের স্ত্রী রহিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সফলতা অর্জনের জন্য মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের আনোয়ারা বেগম, দাউদকান্দির নোয়ান্দা গ্রামের আ. কাদিরের স্ত্রী রূপজান বিবিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।