মুক্তাগাছায় মানবতাবিরোধী অপরাধের আসামি গ্রেফতার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৫

 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুক্তাগাছার পচচুয়া দাখিল মাদ্রাসার সুপার জাতীয় পার্টির নেতা মাওলানা একেএম রেজাউল হক (৭০) ওরফে আক্কাস মৌলভীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার দুপুরে উপজেলার চেচুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে হত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে।

 

জানা গেছে, মুক্তাগাছার পূর্ব চেচুয়া গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে রেজাউল হক ওরফে আক্কাস মৌলভী মুক্তিযুদ্ধের সময় মাদ্রাসাছাত্র থাকা অবস্থায় আলবদর বাহিনীতে যোগ দেন। তার বিরুদ্ধে সুবর্ণখিলা গ্রামের আহমদ আলীসহ ২ মুক্তিযোদ্ধাকে হত্যা, চেচুয়ায় হিন্দুবাড়িতে গণহত্যা ও অগ্নিসংযোগ করার অভিযোগ রয়েছে। স্বাধীনতার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে নিজের নাম আক্কাস আলী পরিবর্তন করে এ এসএম রেজাউল হক রাখেন। ১৯৭৫ এর পট পরিবর্তনের পর তিনি প্রকাশ্যে আসেন। পরে মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি সাবেক স্পিকার মরহুম শামছুল হুদা চৌধুরীর হাত ধরে প্রথমে বিএনপি ও পরে জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দেন। পরে তিনি চেচুয়া দাখিল মাদ্রাসায় সুপার ও মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি হন। সর্বশেষ  উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তাকে পদ থেকে সরিয়ে উপজেলা জাপার সদস্য করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম দির্ঘ তদন্ত শেষে অভিযোগ দায়ের করে।

 

মুক্তাগাছা থানার ওসি আবু মো. ফজলুল করিম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।