নওহাটা পৌরসভায় লড়াই হবে ত্রিমুখি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৩

 

পৌর নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ৫ মেয়র প্রার্থী। দিচ্ছেন পৌরসভা উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এতোদিন গোপনে প্রচারণা করলেও বুধবার সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে তারা প্রচারে নেমেছেন।

নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ না দিলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী খান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র শেখ মকবুল হোসেন ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন।
 
এদিকে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী কাউছার আলী ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন।

ভোটারদের মতে, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আব্দুল বারী খান, বিএনপি মনোনীত শেখ মকবুল হোসেন এবং পৌর বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের মধ্যে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

এদিকে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলার ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার প্রার্থীরা পৌর এলাকার বিভিন্ন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন।