গোবিন্দগঞ্জে মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৩

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রী দুজনই মনোনয়নপত্র জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

 

গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ও তার স্ত্রী পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোছা. মঞ্জুরী মোর্শেদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। পৌরভোটারদের মধ্যে এখন আলোচনার অন্যতম  বিষয়  এই স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা।

 

এ পৌরসভায় মেয়র পদে আটজন মনোনয়নপত্র জমা দেন। অন্যরা হলেন আতাউর রহমান সরকার (আওয়ামী লীগ), আখতার হোসেন জুয়েল (জাতীয় পার্টি), মতিন মোল্লা (ওয়াকার্স পার্টি), মুকিতুর রহমান রাফি (স্বতন্ত্র), জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র) ও আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)। এ ছাড়া পৌরসভায় কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দেন।

 

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ফারুক আহমেদ বলেন, ‘এলাকাবাসী পৌর মেয়র হিসেবে আমাকে দেখতে চাই। দলও মনোনয়ন দিয়েছে। আশা করছি, ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।’

এদিকে মঞ্জুরী মোর্শেদা বলেন, নির্বাচন করার জন্যই মনোনয়নপত্র জমা দিয়েছি। মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা পরে দেখা যাবে।’