পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল আখ্যায়িত দিয়ে দুঃখ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্য। নির্বাচন কমিশনের (ইসি) কারণ শোকজ নোটিশের প্রেক্ষিতে তারা এ জবাব দেন। এই এমপিরা হলেন- ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক, নাটোর-২ আসনের মো. শফিকুল ইসলাম শিমুল ও বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমন। ভবিষ্যতে আচরণবিধি লংঘন করবেন না বলেও চিঠিতে উল্লেখ করেছেন তারা।
মনোনয়নপত্র জমা দেয়ার সময়ে নির্বাচনী এলাকায় উপস্থিত থাকায় আচরণবিধির লংঘনের অভিযোগে গত রবিবার এ তিন সংসদ সদস্যকে তিনদিনের মধ্যে শোকজের জবাব চেয়ে চিঠি দেয়া হয়। মঙ্গল ও বুধবার তারা তিনজনই শোকজের জবাব দেন। শোকজ নোটিশে বলা হয়েছিল, ‘মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারমূলক কাজে জড়িত থেকে সরকারি সুবিধাভোগী এই ব্যক্তিরা আচরণবিধি লংঘন করেছেন।’
এ বিষয়ে নির্বাচন কশিমন সচিব মো. সিরাজুল ইসলাম ইত্তেফাককে বলেন, আচরণবিধি লংঘনের ঘটনায় তিনজন সংসদ সদস্য দুঃখ প্রকাশ করেছেন। আগামীতে আচরণ বিধি লংঘন করবেন না বলে অঙ্গীকার করেছেন। তাদেরকে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ি আচরণবিধি লংঘনের দায়ে শোকজ করা হয়।
