রাজধানীর কল্যাণপুরে চাঁদাবাজের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:৩০

রাজধানীর কল্যাণপুরের দুই চাঁদাবাজ সন্ত্রাসীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একজন মুদি দোকানদার। ওই ব্যবসায়ীর নাম কালিমুল্লাহ হোসেন। এ ব্যাপারে তিনি মিরপুর মডেল থানায় একটি অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছেন।

ব্যবসায়ী কালিমুল্লাহ তার জিডিতে অভিযোগ করেন, কল্যাণপুরের নতুন বাজার এলাকায় তার দুইটি মুদি দোকান রয়েছে। এলাকার লাবলু (৪৮) ও আরিফ (৩৫) নামে দুই সন্ত্রাসী তার ব্যবসা বন্ধ করে দেবার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি তাকে মারধর করা হবে বলে নিয়মিত হুমকি দিচ্ছেন।

এ ব্যাপারে কালিমুল্লাহ বলেন, সম্প্রতি তার কাছে ওই দুজন এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এসব কারণে তিনি ভয়ে তার দুই দোকান বন্ধ করে রেখেছেন। এমনকি তিনি নিজ বাসায় থাকতে পারছেন না ওই সন্ত্রাসীদের ভয়ে।