অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ৯৪ শতাংশ মানুষের স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রাথমিকে শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিবন্ধি শিশুদের ক্ষেত্রে এটা সম্ভব হয়নি।
বুধবার ৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে সিলেট সদর উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখন আর মঙ্গা, মহামারি বলতে কিছু নেই। আগামী প্রজন্ম এ সব শব্দের সঙ্গে পরিচিত হবে না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটা সরকারের বড় সাফল্য। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষ এখন স্বাস্থ্যসেবা পাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ে কমিউনিটি ক্লিনিকে রোগিদের বেশি ভিড় থাকে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশ মিশনের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবুল কাশেম আবদুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ, সাধারণ স¤পাদক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল প্রমুখ।
