চট্টগ্রামে বিজয় শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বিজয় মেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান নগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন বলেন, বিজয় মেলা উপলক্ষে ছাত্র, যুবক, শিশু, কিশোর, নারী, মুক্তিযোদ্ধা, শ্রমিকদের সমন্বয়ে গঠন করা হয়েছে সাতটি স্কোয়াড। জঙ্গিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধের জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। চট্টগ্রামকে সবুজ নগরী বানাতে বিজয় মেলায় নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া হবে দেড় লাখ গাছের চারা। পথশিশুদের দেয়া হবে অক্ষরজ্ঞান।
